সাকিব হাসান (মোকামতলা, বগুড়া)
বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলায় আলতাফুন্নেছা খেলার মাঠে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার রাতে সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, বুধবার রাতে এনসিপির জেলা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যান কিছু দুর্বৃত্তরা। পরে আগুন দেওয়ার ভিডিও চ্যানেল টেন নামের একটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁরা বিষয়টি জানতে পারেন।
তাঁরা আরও বলেন, আগুন লাগানোর ফলে অফিসের প্রধান ফটোক, ফেস্টুন, ব্যানার নষ্ট হয়েছে। মূল্যবান কাগজ ও আসবাব পত্রের ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও আদর্শগত ভিন্নতা থাকতে পারে। তবে স্বাধীন দেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়।
রাজনৈতিক কর্মকাণ্ডে বাঁধা ও ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান দলটির বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা।
