আব্দুর রাজ্জাক আশিক
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৫) নামে এক কাঠুরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ধুনট থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রায় এক বছর আগে মারা যান। এরপর থেকে তিনি উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া বাঁধের ওপর স্বামীর বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করছেন।
অভিযোগে বলা হয়েছে, গোসাইবাড়ী পূর্বপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মাসুদ রানা ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় মাসুদ রানা তাঁর বাড়িতে গিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করেন। ওই নারী বাধা দিলে তিনি দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে মাসুদ রানা সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী মাসুদ রানার বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
