বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ৮:২৫

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ধুনটে ৯৪ মোবাইল চুরির ঘটনায় ৮ জন রিমান্ডে।

বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকান থেকে ৯৪টি মুঠোফোন চুরির ঘটনায় গ্রেপ্তার আন্তঃজেলা চোরচক্রের আট সদস্যকে ৪৮ ঘণ্টার রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ফোনের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ধুনট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওসমান গনি এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুনট পৌর শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকম নামের দোকানটি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্ধ করে বাড়ি যান মালিক মাসুদ রানা। বুধবার সকালে দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরি করা হয়।
মার্কেটের নৈশপ্রহরী সুলতান হোসেন বুধবার সকাল সোয়া আটটার দিকে মার্কেটে এসে পিঠে ব্যাগ ঝোলানো কয়েকজনকে বের হতে দেখেন। পরে দোকানের শাটারের তালা ভাঙা দেখে তিনি বিষয়টি দোকানমালিককে জানান।
চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, চোরচক্রটি ধুনট থেকে শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে উঠেছে। পরে ধুনট থানার পুলিশ বাসটির অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশকে জানায়।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা চুরি যাওয়া ৯৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় দোকানমালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। চক্রটির সঙ্গে স্থানীয় কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।