বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্তঃজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ধুনট উপজেলা সদরের ইছামতি কমপ্লেক্সের মাসুদ টেলিকম নামের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা। তারা দোকান থেকে ৯৪টি মোবাইল ফোন চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় শেরপুরে যায়। পরে সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের একটি যৌথ দল যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসায়। সকাল ১১টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া গ্রামের আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের ইসরাফিল রহমান (২৭), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া গ্রামের আক্কাস আলী (৩৫), পতেঙ্গা থানার ইসমাইল ফয়েজ রোডের রিদয় (৩৪), নরসিংদীর রায়পুর থানার চর মদিনানগর গ্রামের ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াতপুর গ্রামের রবিউল (৩৩) এবং মুরাদনগর থানার কামাল্লা গ্রামের আলাউদ্দিন (২৫)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
