বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ১১:৫২

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

মসজিদের পাশের জঙ্গলে নবজাতকের কান্না, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভোরের নীরবতা ভেঙে ভেসে আসে নবজাতকের কান্না। মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গলে গিয়ে স্থানীয়রা দেখতে পান, পড়ে আছে এক ছেলে নবজাতক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডরী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে তিনি একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে ওই স্থানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফী ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে নবজাতকটিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলেন, হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকলেও নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে শিশুটির চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফী বলেন, পূর্ব গুয়াডরী গ্রামের মসজিদের পেছনের জঙ্গলে নবজাতক পড়ে থাকার খবর পেয়ে তিনি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির নিরাপত্তা ও লালন-পালনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটিকে কে বা কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।