বগুড়ার ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের বাবু বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মন ফুড প্রডাক্ট নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাবু বাজার এলাকায় অবস্থিত শুকনা খাবার তৈরির প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির পাশাপাশি পচা ডিমসহ অনিরাপদ উপকরণ ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হলে এর ব্যবস্থাপক আব্দুল বারিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
এ সময় যথাযথ অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে কেকসহ কোনো ধরনের খাদ্যপণ্য উৎপাদন না করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
আব্দুর রাজ্জাক আশিক
ধুনট, বগুড়া
৩০ আগস্ট ২০২৬
