গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রাতে র্যাব-৪ এবং র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর যৌথ আভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রাধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মোঃ আব্দুল হাকিম জোমাদ্দার @ হাইক্কা ডাকাত (৫০)’কে গ্রেফতার করে। উক্ত সময়ে তার নিকট হতে ০৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড তাজা গুলি এবং পুলিশের ব্যবহৃত ০২টি হ্যান্ডকাপ ও ০১টি ওয়াকিটকিসেট উদ্ধার করা হয়।
মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ভূয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর আভিযানিক দল জানতে পারে গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম জোমাদ্দারসহ কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ র্যাব-৪ এবং র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর যৌথ আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মোঃ আব্দুল হাকিম জোমাদ্দারকে ০৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড তাজা গুলি এবং পুলিশের ব্যবহৃত ০২টি হ্যান্ডকাপ ও ০১টি ওয়াকিটকিসেটসহ গ্রেফতার করে। আরো জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম জোমাদ্দার ১৩ মাস পূর্বে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হয় এবং গত ২৩ দিন পূর্বে জামিনে মুক্তি পায় এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮ টির অধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
