সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে পাসপোর্ট সেবা গ্রহীতাদের নানাভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগে ১৩ জন সক্রিয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার মো: শহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো: আনিস সহ র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালচক্র নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, দীর্ঘদিন ধরে চলে আসা দালালদের দৌরাত্ম্য বন্ধে র্যাবের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পাসপোর্ট অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতা ও স্থানীয় জনগণ।
