১২ জনকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস ৩২ চায়না জাল
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও জনবহুল এলাকায় ধূমপানের দায়ে ১২ জনকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে এবং জনবহুল এলাকায় ধূমপানের দায়ে এক কৃষককে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ১২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া ও বিলকাজুলী সড়কসংলগ্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় এ ঘটনায় কাউকে জরিমানা বা অন্য কোনো শাস্তি দেওয়া হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, পরিবেশ ও জলজসম্পদ রক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
