বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | রাত ৮:১৪

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ধুনটে বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, একই পরিবারের তিনজন হাসপাতালে,

বগুড়ার ধুনট উপজেলায় রান্না করা বাসি মাছের তরকারি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় শাহীনুর খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে ওই পরিবারের আরও তিন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
ঘটনাটি উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের মরিচতলা গ্রামে। নিহত শাহীনুর খাতুন ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম স্থানীয় মরিচতলা বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে বাড়িতে নিয়ে যান। রাতে মাছটি রান্না করে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহীনুর খাতুন, মেয়ে সাথী খাতুন (২২) ও মেয়ের স্বামী সুমন হাসান (২৬) ভাত খান। খাবার শেষে মাছের কিছু তরকারি অবশিষ্ট থাকায় তা রান্নাঘরে সংরক্ষণ করা হয়।
পরদিন রোববার সকালে ওই বাসি মাছের তরকারি দিয়ে আবারও চারজন ভাত খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বজনরা তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে শাহীনুর খাতুনের মৃত্যু হয়। অসুস্থদের মধ্যে সাইফুল ইসলাম ও সুমন হাসানের শারীরিক অবস্থার উন্নতি হলেও সাথী খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।