বগুড়ার ধুনটে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এতে কৈগাতি গ্রামের ৮টি পরিবারের প্রায় ২৫ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন। বাড়ি থেকে বের হতে হলে তাঁদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিশু, শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কৈগাতি গ্রামের আবু সুফিয়ান কুড়ানের সঙ্গে একই এলাকার মুনসের আলীর ছেলে হোসেন আলীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। এর জেরে প্রায় এক সপ্তাহ আগে হোসেন আলী কৈগাতি পূর্বপাড়া গ্রামের মানুষের চলাচলের রাস্তা এবং আবু সুফিয়ান কুড়ানের বাড়িতে যাতায়াতের চারটি পথে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।
এতে আটটি পরিবারের সদস্যরা স্কুল, হাট-বাজার, ফসলের জমিতে কৃষিকাজ এবং গবাদিপশু নিয়ে মাঠে যেতে পারছেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশু ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে। পানি পার হওয়ার সময় অনেক সময় শিশুরা পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে ফেলছে বলেও জানান ভুক্তভোগীরা।
আবু সুফিয়ান কুড়ান বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় তাঁরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। দ্রুত বেড়া অপসারণ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
অভিযোগের বিষয়ে হোসেন আলী বলেন, আবু সুফিয়ান কুড়ান তাঁর জায়গা দিয়ে যাতায়াত করতে না দেওয়ায় তিনি নিজের জায়গায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করেছেন। তবে এলাকার অন্যরা বেড়ার পাশ দিয়ে তাঁর জমির ওপর দিয়ে যাতায়াত করছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
