ধুনট (বগুড়া) প্রতিনিধি:
সৌদি আরবে গিয়ে রহস্যজনকভাবে নিহত প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার জোড়শিমুল গ্রামের হতদরিদ্র দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদত হোসেন প্রায় ছয় মাস আগে স্থানীয় আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগে শাহাদতের মৃত্যুর খবর পরিবার জানতে পারে। পরে নানা চেষ্টা-প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার মরদেহ দেশে এনে জোড়শিমুল গ্রামে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে জানাজা ও দাফন শেষে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি জোড়শিমুল গ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধুনট থানার সামনে পৌঁছায়। পরে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষোভকারীরা শাহাদত হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং অভিযোগের সঙ্গে জড়িত দালালদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিদেশে পাঠানোর নামে দালালদের প্রতারণার কারণে শাহাদতকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তবে শাহাদত হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দালালদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
