বগুড়ার ধুনটে নাশকতার পৃথক দুটি বিস্ফোরক মামলায় রফিকুল ইসলাম (৩৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ শনিবার (১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার রফিকুল ইসলাম উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামানিকের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির নেতাকর্মীরা কর্মীসভা করছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
এ ছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
পুলিশ জানায়, পৃথক ওই দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আজ তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুই মামলায় রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
