বগুড়ার ধুনট উপজেলায় এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৪৬ শিক্ষার্থীর সবাই ফেল করেছে। সোমবার প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনও পাস করতে পারেনি।
একই অবস্থা হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে, কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৫ জন। তারাও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
একসঙ্গে তিনটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষকদের দাবি, গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকায় তাদের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাব পরীক্ষার ফলাফলে পড়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আব্দুর রাজ্জাক আশিক
ধুনট, বগুড়া
১১ আগস্ট ২০২৬
