দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।
