চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২) সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন—কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির একটি মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুর শহরের কুমারখালী এলাকার মো. জাকির হোসেন বাদী হয়ে রোববার পিরোজপুর সদর থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাটের কাজের চুক্তি করেন জাকির হোসেন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন।
কাজ শুরুর পর সালাম শেখ তাকে নিজের সঙ্গে অংশীদার করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে প্রতি সিএফটি বালু ফেলার জন্য এক টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন জাকির।
অভিযোগে আরও বলা হয়, জাকির চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
এ ঘটনায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন জাকির হোসেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
