নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যহতি প্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে তাঁকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বগুড়ার আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিলে ডিবির গাড়িতে তোলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল আল আমিন জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের মাধ্যমে তাঁর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তাঁরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন। এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় মামলাটি করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
